হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম | ১ জুলাই, ২০২৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশে অবৈধ পুশইন চেষ্টার শিকার হয়ে শূন্যরেখায় অবস্থান নেওয়া তিন যুবক মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময়ে সেখান থেকে সরে পড়েছেন। তারা ঠিক কখন, কোন দিক দিয়ে বা কোথায় চলে গেছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
সীমান্তের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন জানান, বুধবার (১ জুলাই) সকালে ভুন্দুরচর সীমান্তে ওই তিন যুবককে দেখতে গিয়ে তাদের আর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত এলাকাটি ফাঁকা রয়েছে এবং বিএসএফ সদস্যরাও সেখানে নেই।
উল্লেখ্য, গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ৬ জন এবং ভুন্দুরচর সীমান্তে ৩ জনসহ মোট ৯ জনকে বিএসএফ পুশইন করার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এর আগে দীর্ঘ সময় শূন্যরেখায় অবস্থান করা গয়টাপাড়ার ৬ জনও একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে সরে পড়েন। একইভাবে ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন ধরে অবস্থান করা তিন যুবকও গত রাতে নিখোঁজ হলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বুধবার ভোর থেকেই ওই তিন যুবককে আর সীমান্তে দেখা যাচ্ছে না।
Leave a Reply