নিজস্ব প্রতিবেদক : সুমাইয়া সামিরা, গোপালগঞ্জ
ঢাকা-খুলনা মহাসড়কে সারবোঝাই একটি ট্রাক ও ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) মহাসড়কের পাথালিয়া ও সোনাকুড় এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সারবোঝাই ট্রাকটি সড়কের বিপরীত দিক (রং সাইড) থেকে এসে দ্রুতগতিতে ইমাদ পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের দ্রুত গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে (মেডিকেল কলেজ হাসপাতাল) ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা এবং তাদের শারীরিক অবস্থার বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি।

এদিকে, বড় ধরনের কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই মহাসড়কে সাময়িকভাবে যানজট তৈরি হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Leave a Reply