মঠবাড়িয়া প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ শুভ সাচকী (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. অলিউর রহমান অলি (৪৯) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ৩টা ৩৫ মিনিটের দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার শুভ সাচকী ওই গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নির্দেশনায় এবং মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলামের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই মো. জাফরুল হাসানের নেতৃত্বে অভিযানে অংশ নেন এসআই মো. আবদুল হান্নান মোল্লা, কনস্টেবল মো. জসিম, মো. তুহিন ও শুভংকর।

অভিযানকালে শুভ সাচকীর বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে তিনটি প্যাকেটে রাখা মোট ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপর অভিযুক্ত অলি পালিয়ে যান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা গাঁজার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০ ধারায় মঠবাড়িয়া থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২০, তারিখ ১১ অক্টোবর ২০২৬; জিআর নম্বর ৩৩৩।
তিনি আরও জানান, এ ঘটনায় পলাতক অপর অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply