সুমন কুমার নিতাই, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে বিষপানে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম আজাহার আলী (৫০), তিনি বগুড়ার ধুনট উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত জর্জিস হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুন রাত আনুমানিক ৯টার দিকে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের পাশে পল্লী বিদ্যুৎ অফিসের নিকট আজাহার আলী বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে নন্দীগ্রাম থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহ এবং মাথার ওপর ঋণের তীব্র চাপ সহ্য করতে না পেরেই আজাহার আলী নিজের এলাকা ধুনট ছেড়ে নন্দীগ্রামে এসে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
Leave a Reply