তরিকুল ইসলাম,
বিশেষ প্রতিনিধি।
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৯০ গ্রাম ওজনের (১৮০ ভরি) ১৮টি স্বর্ণের বার এবং একটি মোটরসাইকেলসহ মো. আলাউদ্দীন (৫২) নামের এক চোরাচালানকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ২১ অক্টোবর ২০২৬, বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় শার্শা থানাধীন খাজুরা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল, যশোর) জনাব মো. আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মো. শামিনুল হক এবং এসআই (নিঃ) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি বিশেষ চৌকস টিম নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে শার্শা থানাধীন দক্ষিণ বুরুজবাগান গ্রামস্থ ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরাগামী পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে মো. আলাউদ্দীনকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুজন অজ্ঞাতনামা আসামি সুকৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটক আসামির হেফাজতে থাকা বস্তু তল্লাশি চালিয়ে ১৮টি স্বর্ণের বার ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি শার্শার হাড়িখালী (যদুনাথপুর) গ্রামের মৃত গোলাম রসুলের ছেলে মো. আলাউদ্দীন (৫২)।
শার্শা থানা সূত্রে জানা গেছে, উক্ত ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এছাড়া পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা অপর ২ জন আসামির নাম-ঠিকানা সংগ্রহ ও তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply