আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
সনাতন হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সর্বোচ্চ আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বছর উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৪৩টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা জোরদারে আজ (১৫ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের উপস্থিতিতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানূর রহমান এবং আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার।
সমাবেশে পূজামণ্ডপগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সতর্ক করে দেন যে, দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। পাশাপাশি তারা আইনশৃঙ্খলা রক্ষার্থে উপস্থিত সদস্যদের করণীয় ও দায়িত্ব পালনকালে পালনীয় বিভিন্ন সতর্কতামূলক বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেন।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন ও টিআই অর্পনা রানী ঘোষ।
উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৪৩টি পূজা মণ্ডপের মধ্যে ৬টিকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) এবং ৩৭টিকে ‘গুরুত্বপূর্ণ ও সাধারণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় মোট ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
আগামী ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত মোট ৮ দিনব্যাপী এই পূজা উদযাপিত হবে। পূজা শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি মণ্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার থাকবে, যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।
Leave a Reply